বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে উল্লেখ করা হয়েছে—বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারছেন না। এ বিষয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কি না জানতে চাইলে তিনি নিশ্চিত করেন যে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে, তারেক রহমান নিজ ফেসবুকে পোস্ট দিয়ে বলেন—মায়ের শারীরিক সংকটের সময়ে পাশে থাকার আকাঙ্ক্ষা প্রবল হলেও রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।