খালেদা জিয়ার ‘অস্বাভাবিক অসুস্থতা’ নিয়ে বিস্ফোরক অভিযোগ মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান অসুস্থতা কোনোভাবেই স্বাভাবিক নয়; বরং একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার ফলেই তিনি এ অবস্থায় উপনীত হয়েছেন। শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা–২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, কারাগারে বিভিন্ন সময় ‘স্লো পয়জন’ দেওয়ার ঘটনা ঘটে, এজন্যই তিনি সবসময় কারা কর্তৃপক্ষকে নিয়ে সতর্ক ছিলেন। তিনি জানান, এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন যে খালেদা জিয়ার জন্য আগেই পরিকল্পিত একটি ‘ডিজাইন’ তৈরি করা ছিল, যার মাধ্যমে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো। তবে আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন বলে মন্তব্য করেন আব্বাস এবং নেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি জানান, শুক্রবার রাত একটার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। সর্বশেষ তথ্যে জানা গেছে, তিনি আগের দিনের তুলনায় কিছুটা ভালো আছেন।
রাজনৈতিক প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে বসে যারা নানা চক্রান্ত করছে, তারা বহু বছর দেশ দখলে রেখে ধ্বংস করে দিয়েছে। এখন তারা বলছে— আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন— অতীতে কি বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন করা হয়নি? তার দাবি, বাংলাদেশে নির্বাচন হবে এবং তা আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। প্রতিযোগিতায় চট্টগ্রামের এম হায়দার আলী প্রথম, ঢাকার শামসুল হক রিপন দ্বিতীয় এবং চট্টগ্রামের এম রাশেদ তৃতীয় স্থান অর্জন করেন।











