বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের প্রতি গভীর আবেগমাখা বার্তা দিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য রাজনৈতিক বিভাজন ছাড়িয়ে দেশের নানা শ্রেণির মানুষ দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও তার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তারেক রহমান বলেন, চিকিৎসক দল পেশাদারিত্ব ও আত্মনিবেদন দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানিয়েছে। তিনি সকলের দোয়া ও ভালোবাসার প্রতি জিয়া পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রার্থনা জারি রাখার অনুরোধ জানান।

মায়ের সংকটমুহূর্তে কাছে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি বলেন, সন্তানের স্বাভাবিক ইচ্ছা থাকা সত্ত্বেও বাস্তব পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতার কারণে তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত। পরিস্থিতি অনুকূলে ফিরলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে—এ আশাও ব্যক্ত করেন তিনি।