রাজস্থলীতে ৩৯ বছরের পুরোনো ঝুলন্ত ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, মেরামতের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন
রাঙামাটির রাজস্থলী উপজেলার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের মাঝখানে কাপ্তাই খালের তীরে অবস্থিত একমাত্র ঝুলন্ত কাঠের ব্রিজটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৬ সালে সেনাবাহিনীর ডেয়ারিং টাইগার ইউনিটের সদস্যরা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা এই ব্রিজটি তিন দশকের বেশি সময় পার হয়ে আজ মারাত্মক জীর্ণ।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সরেজমিনে দেখা যায়, কাঠের পাটাতনের বহু অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে এবং ঝুলন্ত কাঠামোর দড়িগুলোও নড়বড়ে হয়ে পড়েছে। তবুও প্রতিদিন শত শত স্থানীয় মানুষ—বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা—জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছেন।
এই ব্রিজটি ২নং গাইন্দ্যা ইউনিয়ন ও ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমানায় অবস্থিত হওয়ায় দুই এলাকার মানুষের প্রধান যাতায়াত পথ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। পাহাড়ঘেরা এলাকার মনোরম পরিবেশে ব্রিজটি পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিতি পেয়েছে।
স্থানীয় দিনমজুর সুইচিংমং মারমা ও সবজি বিক্রেতা মাসুইপ্রু মারমা জানালেন, ব্রিজটির দুরবস্থার কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সামান্য সংস্কার হলেই মানুষ নিরাপদে চলাচল করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রায় ১৪৫ বর্গকিলোমিটার আয়তনের রাজস্থলী উপজেলায় পাহাড়ি ও বাঙালি মিলিয়ে প্রায় ৩০–৩৫ হাজার মানুষের বসবাস। তাদের দৈনন্দিন জীবনে এই ব্রিজটির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি











