সাগরে মাছ ধরতে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

নিজস্ব প্রতিবেদন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে টানা ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নির্ধারিত সময় পার হলেও তাদের কোনো খোঁজ না মেলায় স্বজনরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
১০ নভেম্বর ফারুক মাঝির ট্রলারটি চরফ্যাশনের সামরাজ মাছঘাট থেকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী নিয়ে সাগরে যায়। নির্দিষ্ট সময় পরে ফেরার কথা থাকলেও ১৬ দিনেও জেলেরা ফিরে আসেননি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকালে স্বজনরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উপজেলা প্রশাসন, পুলিশ ও নৌবাহিনীর আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেন।
স্বজনদের ধারণা, জেলেরা হয়তো সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে আছেন অথবা পথ হারিয়ে অন্য দেশের জলসীমায় ঢুকে আটক হয়েছেন।
লালমোহনের ইউএনও শাহ আজিজ জানান, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ইঞ্জিন নষ্ট হওয়া বা সীমান্ত অতিক্রমের ঘটনা—সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










