দেশের ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ এ ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের আশ্বাস বারবার ভঙ্গ হওয়ায় শিক্ষকরা আর অপেক্ষা করতে রাজি নন। আগেরবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণার পর সমঝোতার কথা বলে আন্দোলন থামাতে বলা হলেও প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। তাই এবার প্রজ্ঞাপন ছাড়া পিছু হটবেন না বলে জানান তিনি।

গত ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশি বাধায় তিন শিক্ষক আহত হন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সরকার সাত কার্যদিবস সময় চেয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শিক্ষকদের ক্ষোভ আরও বেড়েছে।

শিক্ষকরা যে পাঁচটি দাবি উত্থাপন করেছেন—

১) সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের দ্রুত স্বীকৃতি ও এমপিওভুক্তি
২) প্রতিবন্ধী-বান্ধব অবকাঠামো নির্মাণ
৩) বিশেষ শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি ৩ হাজার টাকা নির্ধারণ
৪) মিড-ডে মিল, শিক্ষাসামগ্রী, খেলাধুলা উপকরণ ও থেরাপি সেন্টার নিশ্চিতকরণ
৫) ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও পুনর্বাসন; এবং সব চাকরিতে প্রতিবন্ধী কোটার বাস্তব প্রয়োগ

পরিষদ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় তাদের লং মার্চ শুরু হবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।