বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ এমন সরকারের হাতে থাকা উচিত, যাদের জনগণ ভোটে নির্বাচিত করেছে। এলডিসি উত্তরণ বা চট্টগ্রাম বন্দর সংস্কারের বিরোধিতা নয়—বরং মূল প্রশ্ন হলো, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এমন বড় সিদ্ধান্ত নেওয়ার বৈধতা আছে কি না। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির জীবনরেখা; এখানে নেওয়া দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণ জাতীয় সম্পদের ওপর কৌশলগত প্রতিশ্রুতি, যা ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলতে পারে।

অন্যদিকে চট্টগ্রামে লালদিয়া চর, পানগাঁও টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার চুক্তির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন—অনির্বাচিত সরকার জনমত উপেক্ষা করে দেশের সম্পদ নিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে, যা বন্ধ না হলে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

এদিন ‘বন্দররক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন’ এবং ‘স্কপ’-এর ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বন্দর কর্তৃপক্ষ দুই সংগঠনের সঙ্গে বৈঠক করে। আশ্বাস পাওয়ার পর বন্দর রক্ষাপরিষদ তাদের অবরোধ স্থগিত করে। তবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বুধবারের কর্মসূচি বহাল রেখেছে। বন্দর রক্ষাপরিষদ জানায়, শ্রমিকস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে; পরিস্থিতি নজরদারিতে থাকবে এবং প্রতিশ্রুতি ভঙ্গ হলে আবার কর্মসূচি দেওয়া হবে।