‘ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি-দুর্নীতি কমবে, বাঁচবে সময়ও’

নিজস্ব প্রতিবেদন
ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিচারকাজ এগোলে সময় সাশ্রয় হবে এবং স্বচ্ছতাও বাড়বে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা হোয়াটসঅ্যাপকে সবচেয়ে বেশি ব্যবহৃত কর্মমাধ্যম হিসেবে তুলে ধরেছেন, যা থেকে বুঝা যায়—সরকার প্রশাসনকে আরও ডিজিটাল করার দিকে এগোতে চায়।
ড. আসিফ নজরুল বলেন, আইন মন্ত্রণালয় ইতোমধ্যে ২১টি সংস্কার সম্পন্ন করেছে এবং ভবিষ্যৎ সরকারকে এসব উদ্যোগ ধরে রাখার আহ্বান জানান। পারিবারিক মামলার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে লিগ্যাল এইড সুবিধা চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ২০ জেলায় এ সেবা চলছে; শিগগিরই তা সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে মামলার জট অর্ধেকে নেমে আসবে। একই সঙ্গে সতর্ক করে বলেন, কোনো সংস্কার এমনভাবে প্রয়োগ করা যাবে না যা রাষ্ট্রকাঠামোকে দুর্বল করে দেয়। দেশের মানুষকে পরিবর্তন গ্রহণের উপযোগী করে তুলতে হবে এবং বাস্তবতার ভিত্তিতে ধাপে ধাপে এগোতে হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










