রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকটি উষ্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।
ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের মাঝে বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও ‘জনগণ-জনগণ সম্পর্ক’ শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জিসহ প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










