সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার (১০ জানুয়ারি) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই হামলার নাম দেওয়া হয় ‘অপারেশন হক আই স্ট্রাইক’। গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সেন্টকম।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। সেন্টকম এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনাদের ক্ষতি করলে দোষীদের যেকোনো স্থানে খুঁজে বের করে কঠোর জবাব দেওয়া হবে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নির্ভুল হামলা চালায়। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়।

এই অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের পাশাপাশি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যুক্ত ছিল। তবে হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি এবং এ নিয়ে পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।