কোনো দেশ ‘বিশ্বের বিচারক’ হতে পারে না: চীন

নিজস্ব প্রতিবেদন
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, কোনো রাষ্ট্র নিজেকে ‘বিশ্বের পুলিশ’ বা ‘বিশ্বের বিচারক’ বানাতে চাইলে তা গ্রহণযোগ্য নয়।
সোমবার (৫ জানুয়ারি) রয়টার্সের বরাতে জানা যায়, বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় তার বক্তব্যকে ওয়াশিংটনের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখ বাঁধা ও হাতকড়া পরিয়ে আটক করার দৃশ্য আন্তর্জাতিক নীতি ও কূটনৈতিক রীতির পরিপন্থী। বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদক পাচারের অভিযোগে তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
চীনা কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর আটক হওয়া বেইজিংয়ের জন্য বড় ধাক্কা। কারণ দীর্ঘদিন ধরে চীন ভেনেজুয়েলার ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে পাশে ছিল। এমনকি আটকের কয়েক ঘণ্টা আগেও মাদুরোর সঙ্গে চীনের বিশেষ প্রতিনিধির বৈঠক হয়েছিল।
ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১৭ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর দেশটির অর্থনীতিকে সচল রাখতে বেইজিং বড় সহায়তা দেয়। ২০২৪ সালে চীন ভেনেজুয়েলা থেকে প্রায় ১.৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক মধ্যস্থতায় সক্রিয় ভূমিকার পর চীন এখন লাতিন আমেরিকায়ও নিজের প্রভাব বাড়াতে চায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপকে বেইজিং নিজেদের ভূরাজনৈতিক অবস্থানের ওপর সরাসরি আঘাত হিসেবেই দেখছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










