মাদুরোকে আটকের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত

নিজস্ব প্রতিবেদন
ভেনেজুয়েলায় শনিবার (৩ জানুয়ারি) চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে সেনাসদস্যের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হামলার সময় রাজধানী কারাকাসের নিকটবর্তী কাতিয়া লা মার এলাকার একটি তিনতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজ প্রাণ হারান এবং আরও একজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা জানান, বিমান হামলায় অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে।
এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী জর্জ জানান, হামলায় তার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আহত উইলম্যান গঞ্জালেজ বলেন, ঘরবাড়ি হারানোর পর তিনি কোথায় যাবেন, তা তার জানা নেই। স্থানীয়দের অভিযোগ, এই সামরিক অভিযানের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে। হামলায় ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতীক সিমন বলিভারের একটি ভাস্কর্যও ক্ষতিগ্রস্ত হয়।
একই দিনে মার্কিন অভিযানের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










