২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে একাধিক পরিসংখ্যানে। গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর দেশটিতে বন্দুক হামলার শিকার হয়েছেন অন্তত ৪০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ হাজারের বেশি, আর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন প্রায় ২৪ হাজার ব্যক্তি। গড়ে প্রতিদিন ১১০ জনেরও বেশি মানুষ কোনো না কোনোভাবে বন্দুক সহিংসতার কবলে পড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে সংঘটিত হয়েছে ৪০৭টি গণহত্যা। দেশটির সংজ্ঞা অনুযায়ী, কোনো ঘটনায় বন্দুকধারী ছাড়া অন্তত চারজন হতাহত হলে সেটিকে ম্যাস শুটিং ধরা হয়। গত বছর এমন চার শতাধিক ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র।

শিশু ও কিশোরদের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। ১১ বছর বা তার কম বয়সী ২২৪ শিশু বন্দুক সহিংসতায় নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪৬১ জন। একই সময়ে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩০ জন, আহত হয়েছে আরও ২ হাজার ৭৩৩ জন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, ২০২১ সাল থেকে টানা চার বছর ধরে গান ভায়োলেন্সে হতাহতের সংখ্যা কিছুটা কমলেও সামগ্রিক পরিস্থিতি এখনও জটিল ও উদ্বেগজনকই রয়ে গেছে।