ইরান জানে যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে: আব্বাস আরাগচি

নিজস্ব প্রতিবেদন
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বক্তব্যকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন প্রেক্ষাপটে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন সামরিকভাবে যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর প্রতিক্রিয়ায় এক্সে দেওয়া বার্তায় আরাগচি স্পষ্ট করেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। হামলা হলে কোথায় ও কীভাবে পাল্টা আঘাত হানতে হবে, তা ইরানের বাহিনী ভালোভাবেই জানে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পকে কটাক্ষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশের বিষয়ে হুমকি দেওয়ার আগে নিজের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়াই শ্রেয়।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানার নজির তুলে ধরে তেহরান আবারও তাদের কঠোর অবস্থান স্পষ্ট করল।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










