পবিত্র কোরআন হাতে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি

নিজস্ব প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করে মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন তিনি।
এই শপথের মাধ্যমে ৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এবং সাম্প্রতিক কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথবাক্য পাঠ করান, যা শহরটির বহুত্ববাদী রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
শপথের স্থান হিসেবে মামদানি বেছে নেন ১৯৪৫ সালে বন্ধ হয়ে যাওয়া ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশন। তার ট্রানজিশন টিমের ভাষ্য অনুযায়ী, এই স্থানটি নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অবদানের প্রতীক।
মধ্যরাতের সীমিত পরিসরের শপথ অনুষ্ঠানের পর দুপুর ১টায় সিটি হলের সিঁড়িতে বড় জনসমাবেশে তিনি পুনরায় শপথ নেবেন। সেখানে শপথ পাঠ করাবেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং উদ্বোধনী বক্তব্য দেবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। এরপর ব্রডওয়ের ‘ক্যানিয়ন অব হিরোস’-এ আয়োজন করা হবে গণসংবর্ধনা ও ব্লক পার্টি।
উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও খ্যাতনামা শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান। ১৯৯৯ সালে পরিবারসহ নিউ ইয়র্কে বসবাস শুরু করেন তিনি এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।
ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত মামদানি নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন। তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিনা মূল্যে বাস সার্ভিস, প্রায় ১০ লাখ ভাড়াটিয়ার জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত, সবার জন্য চাইল্ডকেয়ার এবং পরীক্ষামূলকভাবে নগর-পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সামনে যেমন ব্যাপক জনসমর্থন রয়েছে, তেমনি রয়েছে কঠিন বাস্তব চ্যালেঞ্জ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরের আবর্জনা ব্যবস্থাপনা, তুষার নিয়ন্ত্রণ ও সাবওয়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তাকে কঠোর পরীক্ষায় পড়তে হবে।
তার প্রগতিশীল নীতিগুলো কতটা সফলভাবে বাস্তবায়িত হয়, তা শুধু নিউ ইয়র্কবাসী নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










