১৮ হাজার ফিলিস্তিনিকে নিজ হাতে দাফন করেছেন বৃদ্ধ আবু হাতাব

নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ গাজার খান ইউনিস কবরস্থানে হাতে কোদাল নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা ৬৫ বছর বয়সী ইউসেফ আবু হাতাব কোনো সাধারণ গোরখোদক নন; তিনি সাম্প্রতিক ফিলিস্তিনি ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের একজন জীবন্ত সাক্ষ্যবাহক। ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় গত দুই বছরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনিকে নিজ হাতে দাফন করতে হয়েছে তাকে।
আবু হাতাব জানান, যুদ্ধের ভয়াল সময়ে প্রতিদিন ৫০ থেকে ১০০টি মরদেহ মাটিচাপা দিতে হতো। বহু মরদেহের কোনো পরিচয় ছিল না—বোমার আঘাতে ছিন্নভিন্ন দেহাবশেষই ছিল তাদের শেষ চিহ্ন। কবরের সংকটে একেকটি কবরে একসঙ্গে ১০ থেকে ১৫ জনকেও সমাহিত করতে হয়েছে।
তিনি বলেন, কাফন, পাথর কিংবা সিমেন্ট—কিছুই ছিল না। ধ্বংসস্তূপ থেকে ইট-পাথর কুড়িয়ে এনে মরদেহগুলোকে শেষ বিদায় জানাতে হয়েছে। কখনো খোলা মাঠে, কখনো হাসপাতালের ভেতর, আবার কখনো অস্থায়ী গণকবরে দাফন করতে হয়েছে নিহতদের।
২০০৫ সাল থেকে গোরখোদকের কাজ করা আবু হাতাবের ভাষায়, এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বিশেষ করে গত বছর নাসের হাসপাতাল অবরুদ্ধ থাকার সময় হাসপাতাল চত্বরে তৈরি অস্থায়ী কবরে একাই প্রায় ৫৫০ জনকে দাফন করেছিলেন তিনি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










