নীরবে সৌদি আরব মদ বিক্রি বাড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদন
সৌদি আরব নীরবে তাদের একমাত্র অনুমোদিত মদের দোকানে প্রবেশাধিকারের পরিসর বাড়িয়েছে। একসময় কেবল অমুসলিম কূটনীতিকদের জন্য সীমাবদ্ধ থাকা এই সুবিধা এখন ধনী ও বিশেষ মর্যাদাসম্পন্ন বিদেশি বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও খবর ছড়িয়ে পড়ার পর রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত গোপন ওই দোকানের সামনে মানুষের ভিড় ও গাড়ির সারি চোখে পড়ছে।
২০২৪ সালের জানুয়ারিতে দোকানটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। নতুন ব্যবস্থায় ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ধারী অমুসলিম বিদেশিরা—যাদের মধ্যে দক্ষ পেশাজীবী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা রয়েছেন—এখন মদ কেনার সুযোগ পাচ্ছেন। বিশ্লেষকদের মতে, এটি সৌদি আরবে অ্যালকোহল বিক্রির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শিথিল করার একটি নিয়ন্ত্রিত ও সীমিত উদ্যোগ।
১৯৫০-এর দশক থেকে দেশটিতে মদ নিষিদ্ধ থাকলেও, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের পথে এগোচ্ছে। সিনেমা হল চালু, নারীদের গাড়ি চালানোর অনুমতি এবং বড় সাংস্কৃতিক আয়োজন তারই উদাহরণ। তবে রাজনৈতিক মতপ্রকাশে কড়াকড়ি বহাল রয়েছে এবং সাধারণ নাগরিকদের জন্য মদ নিষিদ্ধই থাকছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










