সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

এসপিএর তথ্যমতে, বাদশাহ সালমানের নির্দেশে জেনারেল আসিম মুনিরকে এই পদকে ভূষিত করা হয়। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মান দেওয়া হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠানের পাশাপাশি যুবরাজ খালিদ বিন সালমান ও জেনারেল আসিম মুনিরের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।