ফিলিস্তিনি বন্দিদের আটক রাখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গভির। তার প্রস্তাব অনুযায়ী, বন্দিদের জন্য এমন একটি কারাগার তৈরি করা হবে যার চারপাশে থাকবে কুমির, যাতে পালানোর কোনো সুযোগ না থাকে।


স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইলি প্রিজন সার্ভিস বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করছে। জানা গেছে, গত সপ্তাহে কারা কর্তৃপক্ষের প্রধানের কাছে এই ধারণা তুলে ধরেন বেন-গভির। সম্ভাব্য কারাগারটি দেশটির উত্তরের হামাত গাদার এলাকায় স্থাপনের কথা ভাবা হচ্ছে, যেখানে আগে থেকেই কুমিরের খামার ও একটি চিড়িয়াখানা রয়েছে।


এদিকে, ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে আরও কড়া অবস্থান নিতে কনেসেটে একটি বিল এগিয়ে নিচ্ছেন বেন-গভির। ওই বিল পাস হলে, ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান যুক্ত হবে।


বিলটি ইতোমধ্যে প্রথম পাঠে অনুমোদন পেয়েছে, তবে আইনে পরিণত হতে হলে আরও দুটি ধাপ পেরোতে হবে। বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। মানবাধিকার সংগঠনগুলো বন্দিদের ওপর নির্যাতন ও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে আসছে। এমন পরিস্থিতিতে কুমির-ঘেরা কারাগার ও মৃত্যুদণ্ডের প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে।