ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা–২ দুর্নীতি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে দীর্ঘ শুনানি শেষে বিশেষ কেন্দ্রীয় আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারায় তাদের ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী আরও ৭ বছর করে সাজা দেওয়া হয়েছে।
পাশাপাশি দু’জনকে মোট ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়। বয়স ও নারী আসামি বিবেচনায় শাস্তিতে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে বলেও উল্লেখ রয়েছে। মামলাটির সূত্রপাত সৌদি ক্রাউন প্রিন্সের উপহার দেওয়া একটি বুলগারি গয়নার সেট নিয়ে।
তদন্তে উঠে আসে, প্রায় ৭ কোটি রুপি মূল্যের এই গয়নাটি কম দামে মূল্যায়ন করে নিজেদের কাছে রাখা হয় এবং তোশাখানায় জমা দেওয়া হয়নি। অভিযোগে গয়নার প্রকৃত মূল্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়। ২০২৪ সালের জুলাইয়ে মামলা শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৮০টির বেশি শুনানি ও দুই ডজনের কাছাকাছি সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










