সৌদি আরবে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদন
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে ৪ দশমিক ০ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ জানায়, রাত ১টা ১১ মিনিটে এ কম্পনটি রেকর্ড করা হয় এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানান, কম মাত্রার হওয়ায় ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অবকাঠামোগত সমস্যা সৃষ্টি হয়নি। সাধারণ মানুষ শুধু সামান্য কম্পন অনুভব করেছে।
তিনি আরও বলেন, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের পারস্পরিক চাপের প্রভাবেই সৌদি আরবের এই অঞ্চলে ভূমিকম্পের অনুভূতি দেখা দিয়েছে। এর ফলে পূর্বাঞ্চলের ভূগর্ভস্থ ফল্টগুলো মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে।
এদিকে, টানা প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশে রেড অ্যালার্ট বহাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো স্বশরীরে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










