বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের

নিজস্ব প্রতিবেদন
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে ইউরোপীয় গণমাধ্যমে আলোচনা চলছে। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবটি অধিগ্রহণে তিনি প্রায় ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে প্রস্তুত।
এত বড় অঙ্কের বিনিয়োগ বাস্তবায়িত হলে বার্সেলোনার প্রায় আড়াই বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধ সহজ হবে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে এতে সৌদি ক্রাউন প্রিন্সের হাতে ক্লাবের নিয়ন্ত্রণ যাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।
এ উদ্যোগ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বৈশ্বিক ক্রীড়া বিনিয়োগ কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে বাস্তবতা হলো, বার্সেলোনা একটি সদস্যভিত্তিক ক্লাব যেখানে ‘সোসিওস’ নামে পরিচিত সদস্যরাই মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। ফলে সরাসরি কোনো ব্যক্তি বা বিদেশি সংস্থার কাছে ক্লাব বিক্রি করা আইনগতভাবে সহজ নয়।
স্পেনের ক্রীড়া বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বিশাল অঙ্কের প্রস্তাবটি আপাতত সম্ভাবনা যাচাই বা প্রতীকী আগ্রহ প্রকাশের পর্যায়েই থাকতে পারে। তবে যদি কখনো এমন কোনো সমঝোতা হয়, তাহলে ঋণগ্রস্ত বার্সেলোনার আর্থিক চিত্রে বড় পরিবর্তন আসতে পারে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










