অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

নিজস্ব প্রতিবেদন
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচ এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সংঘটিত এ হামলায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার খবর পেয়ে নিউ সাউথ ওয়েলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ পর্যন্ত দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বন্ডাই ও আশপাশের এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। ঘটনার সময় সমুদ্রসৈকত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ জীবন বাঁচাতে দৌড়ে পালাতে থাকে। পুলিশ গাড়ি ও হেলিকপ্টারের উপস্থিতিতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
পুলিশ নিশ্চিত করেছে, ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ঘটনার সময় বন্ডাই বিচ এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং সরকার সার্বিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।











