সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরাইল

নিজস্ব প্রতিবেদন
বিশ্বজুড়ে সাংবাদিক নিরাপত্তা নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, টানা তৃতীয় বছরের মতো সাংবাদিক হত্যার ঘটনায় শীর্ষে রয়েছে ইসরাইল। শুধু চলতি বছরই গাজায় ইসরাইলি হামলায় ২৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এএফপি–র সংক্ষিপ্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কালে বিশ্বব্যাপী মোট ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা গত বছরের ৬৬ জনের তুলনায় বেশি। নিহতদের মধ্যে ৪৩ শতাংশই ইসরাইলি সেনার আক্রমণের শিকার—যার কারণে আরএসএফ ইসরাইলকে সাংবাদিকদের “সবচেয়ে বড় শত্রু” হিসেবে চিহ্নিত করেছে।
এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৫ আগস্ট, যখন গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরাইলি বাহিনীর আঘাতে রয়টার্স ও এপির দুইজনসহ পাঁচ সাংবাদিক নিহত হন। গাজায় ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া বৃহৎ হামলার পর থেকে মোট ২২০ জন সাংবাদিক ইসরাইলি সেনার হাতে প্রাণ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
সাংবাদিক হত্যার তালিকায় ইসরাইলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, যেখানে ২০২৫ সালেই নয় জন সাংবাদিক নিহত হন। এছাড়া ইউক্রেনে তিন এবং সুদানে চার সাংবাদিক মৃত্যু বরন করেছেন।
আরএসএফ জানায়, ২০১২ সাল বিশ্বে সাংবাদিক হত্যার সবচেয়ে ভয়াবহ বছর ছিল, যখন সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ১৪২ জন সাংবাদিক নিহত হয়।
প্রতিবেদনে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করা হয়। এতে দেখা গেছে—চীন ১২১ জন, রাশিয়া ৪৮ জন এবং মিয়ানমার ৪৭ জন সাংবাদিককে আটকে রেখেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৪৭টি দেশে মোট ৫০৩ জন সাংবাদিক কারাবন্দি অবস্থায় আছেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










