নারী ও কন্যাশিশুর মানবাধিকার লঙ্ঘনের অবনতিশীল পরিস্থিতির কারণে আফগানিস্তানের তালেবান সরকারের চার শীর্ষ কর্মকর্তার ওপর নতুন আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। শনিবার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে নৈতিকতা ও শিষ্টাচার–বিষয়ক মন্ত্রী মুহাম্মদ খালিদ হানাফি, উচ্চশিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম, আইনমন্ত্রী আবদুল-হাকিম শরঈ এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানিকে।

অস্ট্রেলিয়ার মতে, নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা, কর্মসংস্থান সীমিতকরণ, চলাচলের স্বাধীনতা সংকুচিত করা এবং জনজীবনে নারীদের অংশগ্রহণ রুদ্ধ করার মতো সিদ্ধান্তগুলোতে তাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

তালেবান পক্ষ এখনো এসব নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে, আইসিসি নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে প্রধান বিচারপতি হাক্কানি ও সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করে, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ১৪ লাখ মেয়েশিশুর ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে। এতে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমে যাওয়ায় দারিদ্র্যও আরও বেড়েছে।

পেনি ওং জানান, মানবিক সংকটের মধ্যে থেকেও অস্ট্রেলিয়া আফগান জনগণের পাশে থাকবে। নতুন নিষেধাজ্ঞা কাঠামোতে তাই ‘হিউম্যানিটারিয়ান পারমিট’ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষকে সহায়তা অব্যাহত রাখা যায়।