পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন অসীম মুনির

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানে প্রথমবারের মতো চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদে নিযুক্ত হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো নথিতে সম্মতি দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নিয়োগ অনুমোদন করেন।
এ বছরের শুরুতে ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া মুনির আগামী পাঁচ বছর চিফ অব আর্মি স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন। ভারতের সঙ্গে মে মাসের সংঘর্ষের পর দেশটিতে দীর্ঘ ছয় দশক পর দ্বিতীয়বার কোনো জেনারেলকে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়।
নিয়োগের আগে ইসলামাবাদে মুনির জানান, দেশ পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং পাকিস্তান সামনে আরও উন্নতির পথে হাঁটবে।
এদিকে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন। তার বর্তমান পাঁচ বছরের দায়িত্বকাল ২০২৬ সালের মার্চে শেষ হওয়ার কথা ছিল।
সম্প্রতি পাস হওয়া পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি সংশোধনী বিল–২০২৫ অনুযায়ী নতুন সামরিক পদ সৃষ্টির পথ খুলে যায়। সংশোধিত আইনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল পদে উন্নীত যে কোনো জেনারেল সংবিধানের ২৪৩ অনুচ্ছেদের ক্ষমতা ও দায়িত্ব বহন করবে।
চিফ অব ডিফেন্স ফোর্সেস মূলত তিন বাহিনীর যৌথ অপারেশন, কৌশলগত সমন্বয় এবং সামরিক কাঠামো পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারক করবেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










