পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকেই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সামা টিভির একটি আলোচনায় তিনি বলেন, ইমরান খান সবসময় লং মার্চ ও অস্থিরতা সৃষ্টির ডাক দিয়ে এসেছেন।

তিনি আরও মন্তব্য করেন, ক্ষমতায় থাকার চার বছরেও ইমরান খান সংলাপে আগ্রহ দেখাননি, আর এখনো বিরোধীদের সঙ্গে আলোচনার বিষয়ে অনমনীয় অবস্থান বজায় রেখেছেন। সানাউল্লাহর দাবি—কারা কর্তৃপক্ষের তথ্যমতে ইমরান খানের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

পিআইএ বেসরকারিকরণ প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করছে এবং প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছেন।

অন্যদিকে, পিটিআই–এর বিভিন্ন সূত্র জানায়, আদিয়ালা কারাগারে ইমরান খানের উপর নির্যাতন ও কঠোর নজরদারির অভিযোগ রয়েছে। তাদের দাবি, তিনি প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছেন, পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে যথাযথ যোগাযোগের সুযোগও পাচ্ছেন না।