ব্রাজিলের জয়ে হলুদ জার্সির উৎসবে মাতলেন শোবিজ তারকারা

ছবি: সংগৃহীত
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়পথে ফিরেছে ব্রাজিল। দলের এই দাপুটে জয়ে উচ্ছ্বাসে মেতেছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই আনন্দের ঢেউ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে দেখা গেছে হলুদ জার্সির উৎসব, পোস্ট আর রিল ভিডিওর বন্যা।
বিশ্বকাপ উপলক্ষে ক্রীড়া উপস্থাপনায় ব্যস্ত টেলিভিশন উপস্থাপিকা নীল হুরের জাহান ব্রাজিলের জয় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ব্রাজিল সাম্বার ছন্দ নিয়ে ফিরেছে। মাতেউস কুনিয়ার জোড়া গোলে ৩-০ ব্যবধানে দারুণ জয় পেয়েছে দলটি।”
চিত্রনায়িকা দীঘিও ব্রাজিলের জয় উদযাপন করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।”
অন্যদিকে ব্রাজিলের জয়ে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের উদ্দেশে মজার খোঁচা দিয়েছেন আরজে নীরব। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “কেমন দিলাম!”
সংগীতশিল্পী বিউটি সন্তানকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জার্সি পরে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ধরা পড়ে জয়ের উচ্ছ্বাসময় মুহূর্ত।
বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কনটেন্ট নির্মাতা সাদিয়া আয়মান ও আয়মান সাদিক। স্টেডিয়াম থেকে লাইভে সাদিয়া বলেন, “অনেকদিনের ইচ্ছা ছিল ব্রাজিলের খেলা সরাসরি দেখবো। অবশেষে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ হলো।”
নির্মাতা এস এ হক অলিকও জয়ের পর রসিকতা করে লিখেছেন, “ভাবছিলাম হাইতির বিপক্ষে ব্রাজিল অন্তত সাত গোল দেবে। শেষ পর্যন্ত তিন গোলেই সন্তুষ্ট থাকতে হলো। তবুও ভালো, ব্রাজিল ধীরে ধীরে ছন্দে ফিরছে।”
নিউইয়র্ক থেকে ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ও মডেল মোনালিসা। সেখানে অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে উদযাপনের মুহূর্তও শেয়ার করেছেন তিনি।
ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের জার্সি পরে পোস্ট দেন সংগীতশিল্পী শুভ্রদেব। নেইমারকে মিস করার আক্ষেপ জানিয়ে তিনি লেখেন, “নেইমারের জন্য মন খারাপ নিয়েই খেলা দেখছি। আশা করি তাকে আবার মাঠে দেখা যাবে।” একই সঙ্গে ব্রাজিলের জার্সি পরে নিজের জনপ্রিয় গান গেয়ে একটি রিল ভিডিওও প্রকাশ করেন তিনি।
ব্রাজিলের এই জয় শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি কোণায়। তারকাদের পোস্ট, রিল এবং সরাসরি সম্প্রচারে আবারও প্রমাণ মিলেছে—বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আবেগের কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল।
জেএএ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






