ঢাকায় যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতিকালে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাত (২৫) নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনেই ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি সাবেক এক আওয়ামী লীগ সদস্য ও তার পরিবারের কয়েকজনসহ আরও ব্যক্তির বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার দাবি করে সুষ্ঠু বিচারের আহ্বান জানান।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











