তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

নিজস্ব প্রতিবেদন
তুরস্কে একটি বিজনেস জেট দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার উদ্দেশ্যে তুরস্ক সফরকালে আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় জেনারেল হাদ্দাদসহ মোট পাঁচ আরোহীর সবাই প্রাণ হারান। লিবিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে উড্ডয়ন করা ফ্যালকন–৫০ মডেলের জেটটি আকাশে ওঠার প্রায় ৪২ মিনিট পর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে রাডার থেকে বিমানটির সিগন্যাল হারিয়ে যায়। এর আগে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করেছিল।
পরবর্তীতে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।
লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা এই ঘটনাকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিহত কর্মকর্তারা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে রাষ্ট্রের সেবা করেছেন।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আলোচনার অংশ হিসেবেই জেনারেল হাদ্দাদ তুরস্কে অবস্থান করছিলেন। ২০১৯ সাল থেকে লিবিয়ায় তুরস্কের সামরিক ও রাজনৈতিক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











