বাংলাদেশি ভেবে কেরালায় ভারতীয় নাগরিককেই পিটিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদন
ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি সন্দেহে এক নির্মম গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ছত্তিশগড়ের এক যুবক। নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। কাজের উদ্দেশ্যে তিনি নিজ রাজ্য ছেড়ে কেরালায় গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনাটি ঘটে। চুরির অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন প্রথমে রামনারায়ণকে আটক করে। পরে কোনো প্রমাণ না মিললেও তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে মারধর করা হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়। ঘটনার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল মানুষ তাকে ঘিরে ধরে নির্দয়ভাবে আঘাত করছে এবং বারবার বাংলাদেশি বলে অপবাদ দিচ্ছে। হামলাকারীরা তার পরিচয় জানতে চাইলেও উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই নির্যাতন চালায়।
ময়নাতদন্ত প্রতিবেদনে রামনারায়ণের শরীরে ৮০টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাতই তার মৃত্যুর প্রধান কারণ।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











