দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদন
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ উপজেলার তেরাইল গ্রামের মো. কমিরুল ইসলামের ছেলে এবং বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে রয়েছেন অভিক আহমেদ (২৮) ও শয়ন আলী (১৬)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে রাকেশের গাড়িটির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শয়নের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর অভিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও ভ্যান এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











