২৪ ঘণ্টা পার হলেও গর্তে পড়া শিশুটিকে উদ্ধার করা যায়নি

নিজস্ব প্রতিবেদন
রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসের সরু বোরিং গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৪ ঘণ্টা পার হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৩৫ ফুট গভীরে আটকে থাকা শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের তানোর, রাজশাহী সদর ও চাঁপাইনবাবগঞ্জের তিনটি ইউনিট নিরন্তর কাজ করছে। গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং পাশেই স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর সোয়া ১টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। এক বছর আগে সেচের জন্য করা বোরিংয়ে পানি না পেয়ে জমির মালিক গর্তটি খোলা অবস্থায় ফেলে রাখেন। সেই ফাঁদেই খেলতে গিয়ে পড়ে যায় সাজিদ, রাকিবুল ইসলামের একমাত্র সন্তান।
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের আগের উদ্ধারচেষ্টায় কিছু মাটি গর্তে পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্টেশনের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, কোলাহলের কারণে শিশুটির সাড়া পাওয়া কঠিন হলেও অক্সিজেন সরবরাহ ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের মানুষজন উৎকণ্ঠায় অপেক্ষা করছেন শিশুটিকে জীবিত বের করে আনতে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











