গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন মাহফিল চলাকালীন বয়ানের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাওলানা ফরিদুল ইসলাম (৪০) মৃত্যুবরণ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া জামে মসজিদে আয়োজিত মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে মঞ্চে উঠেছিলেন। বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেন এবং পরে অবস্থার অবনতি হলে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা এবং নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি আড়াই বছর বয়সী একমাত্র ছেলের বাবা ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। দাফন সম্পন্ন হয়েছে।