খুলনায় আদালত প্রাঙ্গণে দুই খুন, এখনও হয়নি মামলা

নিজস্ব প্রতিবেদন
খুলনার আদালত ফটকের সামনে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার পর ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকেও আটক করতে পারেনি পুলিশ। আজ ১ ডিসেম্বর সকালে জানানো হয়েছে, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত শনিবার দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে লক্ষ্য করে চার-পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে গুলি চালায়। গুলিতে তারা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চাপাতি দিয়ে একাধিকবার আঘাত করে দ্রুত সরে যায়। অস্ত্র মামলার হাজিরা দিতে আদালতে এসে চা খেতে দাঁড়িয়ে থাকার সময় তারা হামলার শিকার হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে লবণচরা থানার জিন্নাহ পাড়ায় কাজী সম্রাট নামে এক ব্যক্তিকে গুলি করে আহত করা হয়। তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
টানা সহিংসতার এসব ঘটনায় নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











