খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদন
খুলনায় আদালত চত্বরের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বী রাজন ও হাসিব।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আদালতে হাজিরা শেষ করে মোটরসাইকেলের দিকে যাচ্ছিলেন দুজন। এ সময় হামলাকারীরা প্রথমে হাসিবকে লক্ষ্য করে কোপ ও গুলি চালায়। রাজন পালানোর চেষ্টা করলে তাকেও পেছন থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তারা দুজনেই লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। রাজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে; আর হাসিবের লাশও পরে মর্গে আনা হয়েছে।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা, ছুরি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এএসি শিহাব করীম বলেন, দুই জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











