হংকংয়ের তাইপো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন অন্তত ৪৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন বাসিন্দা—ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ভবনগুলোর একটি অংশে আগুন লাগে এবং মুহূর্তেই তা কয়েকটি টাওয়ারে ছড়িয়ে পড়ে। প্রায় হাজারের বেশি দমকলকর্মী আগুন নেভানোর অভিযানে অংশ নেন। ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, এমনকি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এক দমকলকর্মীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কমপ্লেক্সটিতে সংস্কার কাজ চলছিল এবং বাইরের দিকে বাঁশ, নেট ও পলিস্টাইরিন বোর্ড দিয়ে ঘেরা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।

অগ্নিকাণ্ডের পর বহু বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সরবরাহ করা হচ্ছে খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার তাইপো এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে হংকং কর্তৃপক্ষ।

ওয়াং ফুক কোর্ট একটি বড় আবাসিক হাউজিং কমপ্লেক্স, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এরও বেশি মানুষ বাস করতেন। এর আগে ১৯৯৬ সালে কোউলুনের একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছিল—এর পর এবারই ছিল সবচেয়ে বড় অগ্নিকাণ্ড।