নড়াইলের নড়াগাতি থানার যোগানিয়া বাজারে সংঘর্ষে ইমদাদ শেখ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমঝোতা বৈঠকের সময় হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। রাত ১০টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমদাদ ডুমুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

থানা সূত্র জানায়, গাছ কাটাকে কেন্দ্র করে ইমদাদের ভাগ্নে শওকত ও হারুন শেখের পরিবারের মধ্যে পূর্বের একটি বিরোধ ছিল। বিষয়টি মেটাতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে যোগানিয়া বাজারে বৈঠক ডাকা হয়। সেখানে দুই পক্ষের উত্তেজনা বাড়লে ইমদাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

পরদিন মঙ্গলবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পুলিশ জানায়, এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।