আশুলিয়ায় ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি- সংগৃহীত
সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিফাত (১৮), মোঃ মমিন শেখ (১৮) ও মোঃ সুমন শেখ (১৮)। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে এই ঘটনায় ভুক্তভোগী ও অন্য আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন এবং প্রমাণ নষ্টের সহায়তাকারী মোঃ জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে গতকাল শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে সিফাতের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে ওই কিশোরীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ও তার সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে জামগড়া এলাকা থেকেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রবিবার (২১জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম। এ সময় তিনি জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ লুকিয়ে পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জাকিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
পুলিশ জানায়, পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেফতার এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রমের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ইউ

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।





