মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর সতর্ক অবস্থান নেওয়ায় বিএসএফ-এর এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

 শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে ওই চারজনকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।

 স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির কড়া বাধায় বাংলাদেশে ঢুকতে না পেরে বর্তমানে ওই চারজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ১৬-এর মধ্যবর্তী এলাকায়নো-ম্যানস ল্যান্ডে’ (অন্যায়বর্তী অঞ্চল) অবস্থান করছেন।

 ভুক্তভোগীদের মধ্যে একজন পুরুষ তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে তারা বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিকএখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 এদিকে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এলাকা জুড়ে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ঘটনাস্থলের ঠিক বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানারনাটনা বিএসএফ ক্যাম্পঅবস্থিত।

 চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন- বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভোরে মেহেরপুর সীমান্তে চারজনের একটি দলকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, যা বিজিবির তৎপরতায় প্রতিহত করা হয়েছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল নজরদারি জোরদার করা হয়েছে।"